👁 252 Views

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন; চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের আবদুর রহিমের ছেলে আবদুর রহমান(২২) ও চাটিতলার ভাড়াটিয়া আবুল হাশেম(৭০)। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ও চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয় এলাকায় পৃথক ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দীঘির দক্ষিণ পাড়ে শনিবার বেলা এগারটায় দ্রুতগতির ঢাকামুখী মোটর সাইকেল সামনে থাকা ট্রলিতে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক আবদুর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রহমানকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ট্রলি চালক বসন্তপুর গ্রামের আবদুস সোবহান হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন।
এরআগে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় এলাকায় চট্টগ্রামমুখী সড়কে পারাপারের সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় আবুল হাশেম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে বিয়ে করে দীর্ঘদিন পৌরসভার চাটিতলা গ্রামে ভাড়ায় থাকেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আল রায়হান  পাটোয়ারী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন’।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, নিহতদের লাশ উদ্ধার শেষে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *