
এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ‘চির উন্নত মম শির’—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রত্যয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও সমাজ সংস্কারে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুলের কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে জাতীয় কবির সাহিত্য ও সৃষ্টিশীলতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে নজরুলচর্চাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।