👁 59 Views

লালপুরে বিদ্যালয় চলাকালীন ছাত্রীকে অপহরণের চেষ্টা 

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছে নাইম হোসেন (২৩) নামের মাদকাসক্ত এক বখাটে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) সকাল পৌনে দশটার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে শ্রেণীকক্ষ থেকে টেনে হিচড়ে বের করে অপহরণের চেষ্টা করে ওই বখাটে। সে উপজেলার ওয়ালিয়া পূর্বপাড়া গ্রামের খাকচার হোসেনের ছেলে ।
বিদ্যালয়ের অন্যান্য প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ক্লাস শুরু হওয়ার পূর্বে নাঈম নামের ওই ছেলে শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে ওই ছাত্রীর সহপাঠীরা চিৎকার করে এবং শিক্ষকদের জানান। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার সহ সহকারী শিক্ষকরা এগিয়ে গেলে ওই বখাটে দৌড়ে পালিয়ে যায়। ভুক্তভোগী ওই ছাত্রী জানান, বখাটে নাঈম হোসেন দীর্ঘদিন থেকে আমাকে প্রেমের প্রস্তাব সহ রাস্তাঘাটে উত্তপ্ত করে আসছিল, বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যালয় থেকে আমাদের বাড়ি প্রায় তিন কিলোমিটার দূরে, বিদ্যালয় প্রাঙ্গনে যদি এমন ঘটনা ঘটে তাহলে আমার মেয়েসহ এই বিদ্যালয়ের প্রায় ৩শ মেয়েদেরর নিরাপত্তা কোথায়?
ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ওই বখাটেকে আটকানোর চেষ্টা করি কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়, পরে আমি উপজেলা শিক্ষা অফিসার এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। বিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে এবং ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় যেকোনো ধরনের আইনগত পদক্ষেপ নিতে আমরা বন্ধপরিকর।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি, আমার অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *