
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করা হয়েছে। (২০ আগস্ট) বৃহস্পতিবার এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO)-এর সঙ্গে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। একই সঙ্গে হাসপাতালের শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হয়।
এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান, চিকিৎসা পাওয়া, ওষুধসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত জানা হয়। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “হাসপাতালে আগত প্রতিটি রোগী যাতে হয়রানিমুক্ত পরিবেশে যথাযথ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য সম্পূর্ণভাবে কমিয়ে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি), মোঃ সজিব মিয়া,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর বাদশা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।##