
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার মেদুয়ারী গ্রামের সোয়াইল বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী গ্রামের কেরামত খানের ছেলে নজরুল ইসলাম স্ত্রী সন্তানদের নিয়ে হবিরবাড়ি এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। গত শুক্রবার (১৭ জুলাই) সকালে বাড়ির উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হয়ে আসেন এবং রাতে আর বাসায় যাননি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখোঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে নিহতের ছেলে রিয়াজ উদ্দিন থানায় সাধারণ ডায়েরী করেন। মঙ্গলবার সন্ধায় উপজেলার সায়াইল বিলে লাশটি ভাসতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে রাতেই ভালুকা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
ভালুকা মডেল থানার এসআই সানমুন জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রিয়াজ উদ্দিন বাদি হয়ে মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।