👁 70 Views

উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: বাংলাদেশ বহুপাক্ষিকতার প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং জাতীয় অগ্রাধিকার অনুযায়ী উন্নয়ন কার্যক্রমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপির নির্বাহী বোর্ডের বার্ষিক বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশের গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদার ও বিচারিক সংস্কারে ইউএনডিপির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ধারাবাহিক ও পূর্বানুমেয় আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত জরুরি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো যে ক্ষতি ও লোকসানের মুখোমুখি হচ্ছে, তা মোকাবিলায় নতুন, অতিরিক্ত ও সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
বাংলাদেশ চলমান জাতিসংঘ সংস্কার উদ্যোগের প্রতিও সমর্থন জানায় এবং একই সঙ্গে ইউএনডিপির বাস্তবায়ন ম্যান্ডেট ও দেশভিত্তিক কর্মসূচি অক্ষুণ্ন রাখার গুরুত্ব তুলে ধরে।
এছাড়া রাষ্ট্রদূত চৌধুরী নতুন ইউএনডিপি প্রশাসক আলেকজান্ডার ডে ক্রো-কে দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *