👁 116 Views

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম অপু (২৫) ও সাব্বির হোসেন (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) শার্শা থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার আবুল কালাম অপু শার্শা থানার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের সাহেব আলীর ছেলে এবং সাব্বির হোসেন একই গ্রামের সেকেন্দার বাদশা ওরফে কারেন্ট ব্যাপারীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে আবুল কালাম অপুর পরিচয়ের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, গত ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিয়ের আশ্বাস দিয়ে অপু তরুণীকে উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকায় বর্ণমালা বিদ্যাপীঠের পেছনে একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় সাব্বির ঘটনাস্থলের অদূরে অবস্থান করে পাহারা দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার পর ভুক্তভোগী বিয়ের কথা বললে অভিযুক্ত অপু বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা হয়। কিন্তু অপু বিয়ে করতে অস্বীকৃতি জানালে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা দুই অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই অভিযুক্তকে হেফাজতে নেয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, ভুক্তভোগী খুবই গরিব পরিবারের সদস্য। স্থানীয়ভাবে দীর্ঘদিন বিষয়টি শালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এদিকে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ভুক্তভোগীর মা মোছাঃ ছায়রা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০১, তারিখ ১ জুলাই ২০২৬।

তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের যশোরের আদালতে পাঠানো হয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *