
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ সন্ত্রাসের জনপদ খ্যাত চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবদল কর্মীর নাম মো. মুজিব। তিনি স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইফতারের পর মুজিব অলি মিয়া হাট এলাকার একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি দোকান থেকে বের হয়ে সড়কের দিকে এগিয়ে গেলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার কপাল, বুক ও পেটে একাধিক গুলি লাগে। গুলির শব্দে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মুজিবকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।