👁 211 Views

আরিফুল ইসলাম বিলাত একাডেমি কোয়ার্টার ফাইনালে

রাজশাহীর বাঘা উপজেলার দিঘায় লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে জয় পেয়েছে আরিফুল ইসলাম বিলাত ফুটবল একাডেমি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিঘা তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে হাট গোদাগাড়ী, রাজশাহী একাদশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি।

নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচের ফল নির্ধারণে টাই ব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৩-১ গোলে জয়লাভ করে আরিফুল ইসলাম বিলাত ফুটবল একাডেমি।

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছেন আরিফুল ইসলাম বিলাত। তিনি মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আরিফুল ইসলাম বিলাত বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, ঐক্য, সৌহার্দ্য ও সুস্থ জীবন গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদকের অন্ধকার থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় সমাজ গড়ে তোলার লক্ষ্যেই আরিফুল ইসলাম বিলাত একাডেমির এই পথচলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলহাজ মুনতাজ আলী। বিশেষ অতিথি ছিলেন আরিফুল ইসলাম বিলাত এর পিতা নবীর উদ্দিন, সমাজ সেবক আবুল কালাম ও তুহিন উদ্দিন, বকুল হোসেন, বাউসা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাস্টার।

এ ছাড়া উপস্থিত ছিলেন দিঘা তরুণ সংঘের খেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহসভাপতি মো. লিটন ও রনি মাস্টার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি, সহসম্পাদক মো. সেলিম, স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক খেলাপ্রেমী দর্শক।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলাপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।