
এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক সফল মাছ চাষির পুকুরে একের পর এক বর্বরোচিত ও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। গত বছর বিষপ্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ নিধনের পর, এবার রাতের আঁধারে ওই একই খামারির পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়ে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী মৎস্য চাষি মোঃ মশিহুর রহমান রুবেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের চামড়ের বিল আদর্শগ্রাম সংলগ্ন একটি ২ একরের পুকুর ইজারা নিয়ে ২০১৬ সাল থেকে সফলভাবে মাছ চাষ করে আসছিলেন মোঃ মশিহুর রহমান রুবেল। কিন্তু একটি চক্র দীর্ঘদিন ধরে তার ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। এর আগে গত ২০২৫ সালের ১৮ই জানুয়ারি তার পুকুরে বিষপ্রয়োগ (পয়জন) করে প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকার মাছ মেরে ফেলা হয়। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আজ (৪ অক্টোবর, ২০২৬) শেষ রাতে আবারও তার পুকুরে হানা দেয় দুষ্কৃতকারীরা।
পুকুরের পাহারাদার টুনকু মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে পুকুরে মাছ চুরির বিষয়টি টের পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে মালিককে খবর দেন। পরবর্তীতে মালিক ও স্থানীয় লোকজন ছুটে এসে পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ চুরির বিষয়টি নিশ্চিত হন।
বারবার এমন পরিকল্পিত হামলার শিকার হয়ে নিজের ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন ভুক্তভোগী চাষি মশিহুর রহমান রুবেল। এলাকার অন্য মাছ চাষিদের সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা কি এই চোর ও দুষ্কৃতকারীদের কারণে ব্যবসা করেও খেতে পারব না? আমি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করিনি, কারো ক্ষতি করিনি। তবুও কেন আমার ওপর এই অত্যাচার? আজ আমার পেছনে লেগেছে, কাল যে আপনার পুকুরে হানা দেবে না—তার কী নিশ্চয়তা আছে?”
তিনি একা না লড়ে এলাকার সকল মৎস্য চাষিকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়ে আরও বলেন, “আমরা যারা মাছ চাষ করি, তারা একে অপরকে সহযোগিতা করলেই এই চোর ও দুষ্ট লোকদের চিহ্নিত করতে পারব।”
এলাকাবাসীর ধারণা, এই চুরির পেছনে স্থানীয় কোনো প্রভাবশালী চক্র বা বহিরাগত পেশাদার অপরাধীদের যোগসাজশ থাকতে পারে। এভাবে একের পর এক খামারি ক্ষতিগ্রস্ত হলে এলাকার মৎস্য খাতে বড় বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করছেন তারা।
এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল ও মৎস্য চাষিরা।