👁 554 Views

ঋণখেলাপি রেখে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না?  ব্যাংক ডাকাতদের কারণেই কক্সবাজার পিছিয়ে পড়েছে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। ঋণখেলাপি রেখে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ (২ ফেব্রুয়ারি) দুপুরে এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, রাজার ছেলে রাজা হবে-এই রাজনীতি আমরা চাই না। মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে। আমরা একটি ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হলো জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। এই নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো নয়। ডাকসু থেকে জকসু পর্যন্ত তরুণ সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে- তারা আর বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই।

১১ দলীয় জোটের শীর্ষ এই নেতা বলেন, বগলে ঋণখেলাপি রেখে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা হবেন জনগণের সেবক। শহীদ আবু সাঈদ ও শহীদ ওসমান হাদীর খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে কেউ অনুতপ্ত হয়ে মূলধারায় ফিরতে চাইলে তাকে সুযোগ দেওয়া হবে। সমাবেশে তিনি কক্সবাজারের তিনটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *