
নিজস্ব প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয় ঘোষণা দিয়েছেন তাজনিন ইসলাম নফল নামে এক কিশোর। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির ৭৪ নং সদস্য। নফল ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন-ছাত্রলীগের কমিটি গঠনের আগে তাঁকে কিছু জানানো হয়নি। তাঁর সম্মতিও নেওয়া হয়নি। এছাড়া কুষ্টিয়ার বাইরে অবস্থান করার পরও তাঁর বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা দায়েরে ক্ষোভ প্রকাশ করেছেন তাজনিন ইসলাম নফল।
গতকাল মঙ্গলবার রাতে তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট "নফর ইসলাম" থেকে দেওয়া পোষ্টটি হুবহু তুলে ধরা হলো-
আমি মোহাম্মদ তাজনিন ইসলাম নফল। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার বাসিন্দা।
আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্রথমত আমি কোন রাজনীতির সঙ্গে জড়িত নয়। এমনকি কোন রাজনৈতিক পরিবারের সন্তানও নয়। আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। একটি ছোট চাকরি করে আমার বাবা আমাদের সংসার চালান। জানিয়ে রাখতে চাই আমি ছাত্রলীগের কোন মিছিল,মিটিং-এ অংশ নেইনি। আমার উল্লেখযোগ্য কোন রাজনৈতিক পদ পদবীও নেই। তবুও আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে।আমি মনে করি কে বা কারা ব্যক্তিগত কোন আক্রোশের জের ধরে আমাকে ও আমার পরিবারকে নিঃস্ব করার ষড়যন্ত্রে নেমেছে। অনেক কষ্টে আমার বাবা আমার লেখাপড়ার খরচ বহন করেন। এখন আমার পড়াশোনার সময়। রাজনীতি বা মিছিল মিটিং করার সময় না।
সম্প্রতি ফেসবুকে দেখতে পেলাম জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। উক্ত সংগঠনের সর্বশেষ সদস্য হিসেবে আমার নাম যুক্ত করেছে।
আমি বলতে চাই-কমিটিতে আমার নাম দেওয়ার আগে আমার সাথে কেউ যোগাযোগ করিনি। আমার সম্মতিও নেইনি।
আমি কুষ্টিয়ার জেলা পুলিশ সুপার,ডিবি ডিএসবি,র্যাব ও মডেল থানা পুলিশকে হলফ করে বলছি,আমি কোন রাজনীতির সাথে আগেও ছিলাম না। এখনও নেই।
দয়া করে আমাকে এই মিথ্যা মামলা থেকে মুক্তি দেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.