প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৬, ৯:৫২ এ.এম
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীর মেহেরপাড়ায় এক মেম্বার পদপ্রার্থীর সংবাদ সম্মেলন।।

মোঃ নজরুল ইসলাম : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চরিত্রহনন ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আগামী ইউপি নির্বাচনের মেম্বার পদপ্রার্থী আব্দুল বাছেদ।
আজ শনিবার (৬ জুন) সকাল ১১টায় পৌলানপুরস্থ তাঁর নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল বাছেদ বলেন, "আমি আগামী মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী। আমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে অপর এক মেম্বার পদপ্রার্থী দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায়, গত ২-৩ দিন ধরে স্থানীয় একটি অনাকাঙ্ক্ষিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে আমার এবং আমার ছেলের ছবি জড়িয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।"
তিনি এই নগ্ন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্পষ্ট ভাষায় বলেন, "ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে যদি আমার ছেলে, ভাই কিংবা কোনো নিকটাত্মীয়ও জড়িত থাকে, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি নিজেই করছি। কিন্তু কোনো ঘটনা না জেনেই রাজনৈতিক ফায়দা লুটতে আমাদের ছবি ব্যবহার করে যে সামাজিক সম্মানহানি করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"সংবাদ সম্মেলনে আব্দুল বাছেদ নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "এই মিথ্যা অপপ্রচারের জেরে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। গত গতকাল (শুক্রবার) সন্ধ্যার পর আমার প্রতিবেশী আকাবর হাজীর ছেলে আলমগীর নামের এক ব্যক্তি গোডাউন সংলগ্ন আমার 'ইট বাবুল' নামক দোকানে গিয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে আসে। সে বলে, আমাকে যেখানে পাবে, ইটের আঘাতে মাথা থেঁতলে মেরে ফেলবে। এই প্রাণনাশের হুমকির কারণে বর্তমানে আমি ভয়ে আমার দোকানেও যেতে পারছি না।"
উদ্ভূত পরিস্থিতিতে নিজের সামাজিক মর্যাদা রক্ষা ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মেম্বার পদপ্রার্থী আব্দুল বাছেদ।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.