ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের হিলি হাকিমপুরে স্থলবন্দর দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
তিনি জানান, মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে আগামী ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এ সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ হিলি পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে।
তিনি আরও জানান, আগামী ২৮ মার্চ থেকে পুনরায় এই বন্দরের সব কার্যক্রম শুরু হবে। বর্তমানে রমজানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাতদিনই ইমিগ্রেশনের কার্যক্রম চালু থাকে।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমীর হামজা জানান, সরকারি ছুটির কারণে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ছাড়া অন্য দিনে কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ চালু থাকবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.