
আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি : নবীনবরণ, বিদায় সংবর্ধনা, কুইজ ও লটারি প্রতিযোগিতার মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এতে দিনাজপুর জেলা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সারোয়ার জাহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সালমা খাতুন শিলা এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রভাষক আবু রাফি মো. জামিল। তাঁরা উভয়েই দিনাজপুর জেলার কৃতী সন্তান। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক সালমা খাতুন শিলা বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় থাকা প্রয়োজন। বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে। একই জেলার শিক্ষার্থী হিসেবে একে অপরের পাশে দাঁড়ানো এবং সংগঠনের কার্যক্রমে আন্তরিকভাবে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
প্রভাষক আবু রাফি মো. জামিল বলেন, বিশ্ববিদ্যালয়ে দিনাজপুরের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষে অধ্যয়ন করলেও তাঁদের সবার শিকড় একই জেলায়। তাই নিজেদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে একে অপরকে সহযোগিতা করতে হবে। সিনিয়রদের কাছ থেকে ভালো কিছু শেখার পাশাপাশি জুনিয়রদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
সংগঠনটির সভাপতি ও ইএসটি বিভাগের মাস্টার্সের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন রাজু বলেন, দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের ভালোবাসা ও পারিবারিক বন্ধনের আপন ঠিকানা। নবীনদের আগমন সংগঠনে নতুন প্রাণ সঞ্চার করে, আর বিদায়ী শিক্ষার্থীরা রেখে যান অসংখ্য স্মৃতি। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের ঐক্য, সম্প্রীতি ও ঐতিহ্য ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.