এ সময় বাধা দিতে গিয়ে রবিজান বিবি(৫৫) নামে এক বৃদ্ধা মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী জোসনা বেগম ও তাঁর ওই পরিবার।
তবে ভাঙচুর ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাঁদের দাবি, জমির মালিকানা ও সীমানা নিয়ে বিরোধের জেরেই তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।
এ ঘটনায় জমির মালিক দাবিদার জোসনা বেগম গত ২০ নভেম্বর রাতে মান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৯৪১। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও লিখিত আবেদন করা হয়েছে।
এদিকে শনিবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী পরিবার ও থানার জিডি সূত্রে জানা যায়, চক কুসুম্বা মৌজার জেএল নম্বর ৮১, হাল খতিয়ান নম্বর ২০৯, হাল দাগ নম্বর ১০৩-এর ১ দশমিক ৬৫ শতাংশ জমি ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি দলিলমূলে ক্রয় করেন জোসনা বেগম। পরে সেখানে বসতঘর নির্মাণ করে পরিবারসহ বসবাস ও ভোগদখল করে আসছেন।
জোসনা বেগমের অভিযোগ, ওই জমি নিয়ে স্থানীয় আলমগীর হোসেন আলম, আফজাল হোসেন, আবুল হোসেন ও সাদ্দাম হোসেনের সাথে তাঁর প্রায় পাঁচ মাস যাবত বিরোধ শুরু হয়। এর আগেও জমিটি দখলের চেষ্টা করা হয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হলেও বিরোধের কোন নিষ্পত্তি হয়নি। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান।
জোসনা বেগমের অভিযোগ, গত ২০ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে প্রতিপক্ষের লোকজন জমি দখলের উদ্দেশ্যে তাঁর বসতবাড়ির ইটের ঘর ভাঙচুর করেন। এ সময় টিনের বেড়া কেটে ও ভেঙে ফেলা হয়। পাশাপাশি বাড়ির সিসিটিভি ক্যামেরা ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগে আরো জানান, ঘটনার সময় তাঁর মা রবিজান বিবি (৫৫) বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভাঙচুরে বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে ভুক্তভোগীর দাবি, এর আগেও জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা এবং জমি ভরাটের চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। জমি বিক্রি করে দেওয়া অথবা বর্তমান দখল ছেড়ে অন্যত্র সরে যাওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আলমগীর হোসেন আলম বলেন, জোসনা বেগম ২০২০ সালে জমি কেনার পর থেকে তিনি ও তাঁর ভাই যৌথভাবে জমিটি ভোগদখলে ছিলেন। পরে জমির মালিকানা ও সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে থানা ও স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে।
তাঁর দাবি, জোসনা বেগম সালিশের সিদ্ধান্ত মানতে চান না। বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ বিষয়ে এড়িয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।