প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৮:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৭:১৯ পি.এম
অবৈধ দখল ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ভূমি অফিসের-

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে সরকারি সম্পত্তি অবৈধ দখল ও অনুপ্রবেশ ঠেকাতে উদ্যোগ নিয়েছে স্থানীয় ভূমি প্রশাসন।
এর অংশ হিসেবে বাগআঁচড়া মৌজায় ৩ দশমিক ৩৬ একর সরকারি জমির মালিকানা সংক্রান্ত তথ্য উল্লেখ করে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সাইনবোর্ডে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি এই সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ ও দখল করা দণ্ডনীয় অপরাধ।
স্থানীয় বাগআঁচড়া ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে স্থাপন করা সাইনবোর্ডে জমির মালিক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, যশোরের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জমির মৌজা, খতিয়ান, দাগ নম্বর ও জমির পরিমাণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
সাইনবোর্ডের তথ্য অনুযায়ী, বাগআঁচড়া মৌজার জেএল নম্বর ১২৮-এর অন্তর্ভুক্ত জমির এসএ খতিয়ান নম্বর ৭। এর দাগ নম্বর ১০১৬, ১০১৩, ১০১৪ ও ১০১৫। অন্যদিকে আরএস খতিয়ান নম্বর ১ এবং দাগ নম্বর ১৩৭৯। এসব জমির মোট পরিমাণ ৩ দশমিক ৩৬ একর।
সাইনবোর্ডে লাল রঙের ওপর বড় অক্ষরে লেখা হয়েছে, ‘অবৈধভাবে এই সম্পত্তিতে অনুপ্রবেশ ও দখল দণ্ডনীয় অপরাধ।’ এর মাধ্যমে সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ দখলদারদের সতর্ক করা হয়েছে।
ভূমি প্রশাসনের এ উদ্যোগকে সরকারি সম্পত্তি সংরক্ষণ ও ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারি জমির সঠিক সীমানা ও মালিকানা- সংক্রান্ত তথ্য প্রকাশ্যে তুলে ধরায় ভবিষ্যতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখল কিংবা মালিকানা দাবি করার সুযোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে গ্রামীণ এলাকায় সরকারি খাসজমি, রাস্তা, জলাশয় ও অন্যান্য সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখা ভূমি প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি জমির নিয়মিত তদারকি, সীমানা চিহ্নিতকরণ এবং অবৈধ দখলের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।
বাগআঁচড়া ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে স্থাপিত এই সাইনবোর্ড সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের অবস্থানকে স্পষ্ট করেছে। তবে শুধু সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন নয়, জমিটির বাস্তব দখল ও সীমানা নিশ্চিত করে ভবিষ্যতেও সরকারি সম্পত্তি সুরক্ষায় কার্যকর নজরদারি অব্যাহত রাখার প্রত্যাশা স্থানীয়দের।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান জানান, উদ্ধারকৃতি জমি ২১ জন দখলদার অবৈধভাবে ভোগ দখল করে আসছিলো। দখলদারদের সাথে আলোচনার পরিপেক্ষিতে সরকারি এই খাস জমি বন্দবস্ত নেওয়া হবে। শার্শা উপজেলায় এভাবে সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রম চলমান থাকবে। শার্শাবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.