
আশিকুর রহমান সবুজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বোরো মৌসুমে সরকারি চাল সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নে খাদ্য বিভাগ, স্থানীয় মিল মালিক ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সরকারি খাদ্য মজুত বৃদ্ধি, খাদ্য সরবরাহব্যবস্থা সচল রাখা এবং নির্ধারিত প্রক্রিয়ায় চাল সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
চলতি বোরো মৌসুমে শ্রীপুর উপজেলায় প্রায় ৪ হাজার ৪৪৯ টন চাল সংগ্রহের জন্য বিভিন্ন মিলের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২৩ কোটি টাকা। এত বড় পরিসরের খাদ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনায় বরাদ্দ প্রদান, চুক্তি সম্পাদন, চালের মান যাচাই, গুদামে সরবরাহ ও বিল পরিশোধসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
সম্প্রতি কয়েকটি মিলের কার্যক্রম ও চাল বরাদ্দ নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে আব্দুর রশিদ মিয়া কথিত (এমপি)-এর মিলের বিষয়ে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা সঠিক নয় বলে জানা গেছে; প্রকৃতপক্ষে তাঁর মিলটি বর্তমানে সচল রয়েছে।
এ ছাড়া অভিযোগ আনা প্রতিবেদনে ২২টি মিলের কথা উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর যাচাই-বাছাই করে ৮টি মিল চালু রাখা হয়েছিল এবং এ বছর আরও ৩টি মিল বন্ধ করে দিয়ে মাত্র ৫টি মিল চালু রাখা হয়েছে। খাদ্য বিভাগ ও সংশ্লিষ্ট নথিপত্র সূত্রে জানা গেছে, মিলগুলোর কার্যকারিতা ও সক্ষমতা নিশ্চিত করতে পাক্ষিক মিলিং সক্ষমতার হিসাব এবং বিদ্যুৎ বিলসহ বিভিন্ন দাপ্তরিক তথ্য যাচাই-বাছাই করেই চাল সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, কোনো মিলের বর্তমান অবস্থা বিবেচনা করে অতীতের বরাদ্দ ও চাল সরবরাহ কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়; বরং বরাদ্দ প্রদানের সময়কার যোগ্যতা, বিদ্যুৎ বিলের নথি, চুক্তিপত্র, সরবরাহের রসিদ ও দাপ্তরিক কাগজপত্র যাচাই করে প্রকৃত পরিস্থিতি মূল্যায়ন করা প্রয়োজন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন সরকার বলেন, “সংবাদে যে মিলারের বক্তব্য তুলে ধরা হয়েছে, তিনি একজন ডিফল্টার মিলার। অথচ তাঁর বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে আমার বক্তব্য নেওয়া হয়নি। অসম্পূর্ণ ও যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে আমার নাম জড়িয়ে নেতিবাচক ও মানহানিকর সংবাদ পরিবেশন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া, তথ্য-উপাত্ত যাচাই করা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা সঠিক তথ্য যাচাই করে এবং সব পক্ষের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করবেন। এতে প্রকৃত ঘটনা জনগণের সামনে উঠে আসবে এবং কারও ব্যক্তিগত ও পেশাগত সম্মান অযথা ক্ষুণ্ন হবে না।”
এদিকে বরমী বাজারের রশিদ মিয়া রাইস মিলের পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের রাইস মিলে কেউ আসেনি। রাইস মিলের পাশে থাকা বন্ধ স্কুলের ছবি ও ভিডিও ব্যবহার করে আমার কোনো বক্তব্য না নিয়েই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।”
অন্যদিকে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করতে কৃষি বিভাগও কাজ করছে। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা জানিয়েছেন, প্রকৃত কৃষকদের নাম তালিকা করে পাঠানো হয়েছে; এখানে বাদ পড়ার বিষয়টি সামনে আসায় আবারও তদন্ত করা হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া সংগ্রহ কমিটির সভাপতি হিসেবে পুরো কার্যক্রম তদারকি করছেন। অনিয়মের কোনো অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এতে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রশাসনিক অবস্থান প্রতিফলিত হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম সফল করতে মিলার, খাদ্য বিভাগ, কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মূল্যায়নের ক্ষেত্রে তাঁদের গৃহীত সিদ্ধান্ত, বাস্তব কার্যক্রম এবং দাপ্তরিক নথিপত্র বিবেচনায় নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সরকারি অর্থ ও খাদ্যশস্যের স্বচ্ছতা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো কর্মকর্তা বা মিল মালিকের পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন না করাও গুরুত্বপূর্ণ।
শ্রীপুরে বোরো চাল সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কৃষকবান্ধব করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.