
ইয়ানূর রহমান : প্রতিটা কফিন খুলে দেখা হবে, হাসিনার মাথা আছে কি না—এমন মন্তব্য করতে শোনা গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর-৪৯ ব্যাটালিয়নের একজন কর্মকর্তার। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভাইরাল সৃষ্টি করেছে ।
সামরিক হেলিকপ্টােরে করে ভারতে আশ্রয় নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা এবং এরপর দেশের মধ্যে তার অনুসারীদের ব্যপক প্রচারের প্রেক্ষাপটে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্ক প্রহরা চলাকালে তিনি এ মন্তব্য করেন। সোমবার (২৩ নভেম্বর) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যপক আলোচনা-সমালোচনা চলছে।
ভিডিওতে দেখা যায়, বেনাপোল সীমান্তের চেকপোষ্ট এলাকার একটি সড়কের উপর বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় কয়েকজন অবস্থান করছেন। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও বিএনপি নেতা সিনকে সীমান্তে সতর্ক পাহারা নিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের এক কর্মকর্তাকে আলোচিত মন্তব্যটি করতে শোনা যায়।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার পেট্রাপোল সীমান্ত পরিদর্শন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। রোববার সন্ধ্যা থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। রাতে সার্চলাইট জ্বালিয়েও সীমান্ত পাহারা দিতে দেখা গেছে। সতর্ক রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, অবৈধ পথে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।সীমান্তে সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
প্রয়োজনে স্থানীয় জনগণের সম্পৃক্ততায় দিন-রাত টহল আরও বাড়ানো হবে জানিয়ে তিনি সীমান্তে কোনো অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।
উল্লেখ্য, রোববার বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোলে বাংলাদেশের ইসকননেতা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ করে ‘হিন্দু সুরক্ষা সমিতি’ ও ‘মতুয়া সম্প্রদায়ের’ কয়েকটি সংগঠন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সমাবেশে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সমাবেশের পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.