
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি এক পর্যায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নামে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে, একই এলাকায় নিজ বসতঘর থেকে সোহান (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ও গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ দুটি ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের সঙ্গে তাঁর চাচাতো ভাই আমির হোসেনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাত জখম হয়। মাকে আহত হতে দেখে ক্ষুব্ধ হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
এদিকে, একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সোহান (২১) স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। পরে রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
র মর্গে পাঠানোর হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.