
তালতলী (বরগুনা) প্রতিনিধি: কবি সুকান্ত ভট্টাচার্যের এই পঙ্ক্তি যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে বরগুনার তালতলীর বৃদ্ধা দেলোয়ারা বেগমের জীবনে। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটির দিন কাটে কখনো একবেলা খেয়ে, কখনো না খেয়ে। মাথার ওপর নেই নিরাপদ ছাদ, পলিথিন আর শুকনো পাতার ছাউনিই তাঁর একমাত্র আশ্রয়।
স্বামী গনি মুন্সির মৃত্যুর পর প্রায় ২০ বছর ধরে নানা কষ্টের মধ্য দিয়ে তিন মেয়েকে বড় করেছেন দেলোয়ারা বেগম। জীবনের দীর্ঘ সময় সন্তানদের মানুষ করার সংগ্রামে কাটলেও আজ সেই জীবনের শেষ প্রান্তে এসে তিনি বড় একা, বড় অসহায়। বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়ালভাঙা এলাকায় তাঁর বসবাস।
দেলোয়ারা বেগমের কোনো ছেলে সন্তান নেই। কষ্ট করে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। বিয়ের পর মেয়েরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। তাঁদের আর্থিক অবস্থাও সচ্ছল নয় যে মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে পারবেন। ফলে বয়স ও শারীরিক দুর্বলতায় কাজ করার সামর্থ্য হারিয়ে এখন অনেকটা অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাঁর।
যে জায়গাটিতে দেলোয়ারা বেগম বসবাস করছেন, সেটিকে ঘর বলারও উপায় নেই। পলিথিন ও শুকনো পাতা দিয়ে তৈরি জরাজীর্ণ ছাউনির নিচেই তাঁর বসবাস। ঘরের একপাশে পলিথিন ও মশারির জাল দিয়ে কোনো রকমে আড়াল তৈরি করেছেন। আকাশে মেঘ জমলেই দুশ্চিন্তায় পড়েন তিনি। বৃষ্টি নামলেই ছাউনির ফাঁক দিয়ে পানি পড়ে, ভিজে যায় থাকার জায়গাটুকু। ঝড়-বৃষ্টির রাতে নিরাপদ আশ্রয়ের অভাবে আতঙ্কে কাটে তাঁর সময়।
অশ্রুসিক্ত কণ্ঠে দেলোয়ারা বেগম জানান, অনেক দিন একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। খাবারেরও ঠিকমতো ব্যবস্থা করতে পারেন না তিনি। তাঁর আকুতি, বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে। সরকারের কাছে তাঁর একটাই চাওয়া, থাকার জন্য একটি ঘর পেলে অন্তত বাকি জীবনটা একটু গুছিয়ে কাটাতে পারবেন।
প্রতিবেশী মোসাম্মৎ রেবেকা বেগম জানান, বয়স ও শারীরিক অবস্থার কারণে দেলোয়ারা বেগম এখন আর কাজ করতে পারেন না। কোথাও গিয়ে সহযোগিতা চাওয়ার সামর্থ্যও নেই। কখনো অন্যের বাড়িতে কাজ করে, আবার কখনো মানুষের দয়ায় দুমুঠো খাবার জোটে তাঁর। কোরবানির ঈদের সময় পাওয়া মাংস কিংবা প্রতিবেশীদের সামান্য সহযোগিতায় কোনোমতে বেঁচে আছেন তিনি।
প্রতিবেশীর অভিযোগ, বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থার কর্মীরা এসে তাঁর নাম-ঠিকানা নিয়ে গেলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো ঘর কিংবা নিয়মিত সহায়তা পাননি দেলোয়ারা বেগম। বারবার আশ্বাস ও নাম তালিকাভুক্তির পরও তাঁর ভাগ্যে জোটেনি নিরাপদ আশ্রয়।
সারাজীবন সন্তানদের মুখে হাসি ফোটাতে যিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, সেই মায়ের জীবনের শেষ চাওয়া খুব বেশি কিছু নয়। মাথা গোঁজার মতো একটি নিরাপদ ঘর, দুবেলা খাবার আর একটু নিশ্চিন্তে বেঁচে থাকার নিশ্চয়তা।
দেলোয়ারা বেগমের এমন মানবেতর জীবনযাপন কি নজরে আসবে তালতলী উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের? জীবনের শেষ সময়ে অন্তত একটি নিরাপদ আশ্রয় কি জুটবে এই অসহায় মায়ের?
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.