
চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা : দৈনিক মাথাভাঙ্গার প্রথম সম্পাদক শিক্ষাবিদ হামিদুল হক মুন্সী আর নেই। : চুয়াডাঙ্গার সাহিত্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, গুণী শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী মৃত্যুতে চুয়াডাঙ্গয় শোকের ছায়া নেমে এসেছে।
বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের সিনেমা হলপাড়ায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক, চুয়াডাঙ্গা পৌর কলেজসহ দেশের বিভিন্ন কলেজের সাবেক অধ্যক্ষ এবং দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রস্তাবককালে সম্পাদক ছিলেন। হামিদুল হক মুন্সী আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামের প্রয়াত লুৎফল হক মুন্সী ও হামিদা খাতুনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শিক্ষকতা, সাহিত্যচর্চা, ইতিহাস গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর অবদান ছিল অসামান্য। চুয়াডাঙ্গা পৌর কলেজে অধ্যক্ষ হিসেবে শিক্ষকতা জীবন শুরু করে তিনি নড়াইলের আবদুল হাই সিটি কলেজ, টাঙ্গাইলের মির্জাপুর কলেজ, সিরাজগঞ্জের পুলিশ লাইন্স কলেজ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, চাঁদপুরের সুজাতপুর কলেজ ও নাসিরকোট শহিদ স্মৃতি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মোমেনা আলী বিজ্ঞান স্কুল ও সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবেও তার অবদান রয়েছে। তিনি ৫০টি গ্রন্থের লেখক ও প্রকাশক ছিলেন। কবিতা, ইতিহাস, গবেষণা ও অনুবাদ সাহিত্যে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার লেখা ‘চুয়াডাঙ্গা জেলার ইতিহাস’, ‘চুয়াডাঙ্গা-৭১’, ‘নড়াইল পরিচিতি’সহ বিভিন্ন গ্রন্থ পাঠক ও গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৯৮ সালে মধুসূদন পদকে ভূষিত হন। এছাড়া সাহিত্য, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সম্মাননা অর্জন করেন। চাকরি থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষা ও সাহিত্যচর্চা থেকে কখনো দূরে সরে যাননি তিনি। সর্বশেষ চুয়াডাঙ্গার ভিকুইন্স পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং লেখালেখি ছিল তার অন্যতম সাধনা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি বয়সের কারণে চাকরি থেকে অবসর নিয়েছি বটে, কাজ আমাকে থেমে থাকতে দেয় না। তাই যতদিন বেঁচে আছি শিক্ষার আলো ছড়িয়েই যাব। আর লেখালেখির নেশা তো আছেই।” তার মৃত্যুতে চুয়াডাঙ্গা হারাল একজন আলোকিত শিক্ষক, সাহিত্যিক, ইতিহাস গবেষক, সংগঠক ও সমাজচিন্তককে। তার রেখে যাওয়া শিক্ষা, সাহিত্য ও কর্মের অবদান নতুন প্রজন্মের কাছে চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।আজ জান্নাতুল মাওয়া কবরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.