
সুনামগঞ্জ প্রতিনিধি : শৈশব থেকেই গানের প্রতি গভীর ভালোবাসা। সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকেই টুকটাক গান লেখা ও গাইতে শুরু করেন। মাকে নিজের লেখা গান শোনাতেন। মা উৎসাহ দিয়ে বলতেন, আরও ভালো করে লেখো, মানুষের বোঝার মতো করে লেখো, মানুষের কথা লেখো। মায়ের সেই অনুপ্রেরণাই একসময় তাঁর গান লেখার পথচলার অন্যতম শক্তি হয়ে ওঠে। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার জালিয়া গ্রামের পীর বংশের সন্তান সাহাবুর শাহ।
জীবিকার তাগিদে অল্প বয়সেই পাড়ি জমান প্রবাসে। কিন্তু প্রবাসের ব্যস্ত জীবনেও ভুলে যাননি নিজের দেশ, দেশের মানুষ কিংবা গানের প্রতি ভালোবাসা। কাজের ফাঁকে ফাঁকে লিখে যেতেন গান। কখনো ২০-৩০টি গান লিখে মেসেঞ্জারে দেশে পাঠিয়ে দিতেন। তাঁর ছোট ভাগিনি সেসব গান ডায়েরিতে সংরক্ষণ করে রাখতেন। এভাবেই একসময় পূর্ণ হয় তাঁর গানের তিনটি ডায়েরি।
সাহাবুর শাহ জানান, তিনি কখনো হিসাব করে গান লেখেন না। মনের ভাবনা ও অনুভূতি থেকেই গানের কথা ও সুর তৈরি হয়।
২০২৫ সালে মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে আসেন তিনি। তবে দেশে ফেরার পর বেশিদিন মায়ের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়নি তাঁর। মায়ের স্মৃতি ও অনুপ্রেরণা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সংগীতের পথে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিজের ইউটিউব চ্যানেল KFM1.0 Music চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গানের জগতে নতুন যাত্রা শুরু করেন সাহাবুর শাহ। তাঁর প্রথম প্রকাশিত গান ছিল ‘যতনে ভাঙা মন’। গানটিতে কণ্ঠ দেন সাহাবুর শাহ ও বীথী রানী নাথ। গানটি শ্রোতাদের কাছ থেকে মোটামুটি ভালো সাড়া পায়। এরপর কিছু বিরতি নিয়ে একে একে প্রকাশ করতে থাকেন নতুন গান।
প্রবাসে থাকাকালীন তাঁর পরিচয় হয় জাহেদ আহমদ নামের এক ব্যক্তির সঙ্গে। সম্পর্কের আন্তরিকতায় সাহাবুর শাহ তাঁকে ‘মামা’ বলে সম্বোধন করতেন। একদিন ইউটিউবে সাহাবুর শাহর ‘খোলা চুল’ গানটি দেখে তাঁকে মেসেঞ্জারে যোগাযোগ করেন জাহেদ আহমদ। নতুন গান প্রকাশের বিষয়ে জানতে চাইলে সাহাবুর শাহ নিজের কিছু সমস্যার কথা জানান। তখন জাহেদ আহমদ তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘মামা থাকতে সমস্যা কী, আমি আছি, গান রিলিজ দাও।’ তাঁর এই উৎসাহও সাহাবুর শাহর সংগীতযাত্রায় নতুন উদ্দীপনা জোগায়।
এ পর্যন্ত KFM1.0 Music ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে প্রায় ৩০টি গান। এর মধ্যে ‘মায়াতে গেছি ফেঁসে’ গানটি প্রকাশের পর মাত্র চার দিনে ইউটিউবে ১০ লাখ বা ১ মিলিয়ন ভিউ অতিক্রম করে ব্যাপক আলোচনায় আসে। গানটির কথা ও সুর সাহাবুর শাহর এবং কণ্ঠ দিয়েছেন রুমা রায়। গানটির সাফল্যের ধারাবাহিকতায় ‘মায়াতে গেছি ফেঁসে-২’ গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।
এ ছাড়া তাঁর লেখা ও সুর করা ‘বন্ধু তুমি কি হবে আমার’ গানটি নিজেই কণ্ঠ দিয়েছেন সাহাবুর শাহ। ‘আমি মরলে যদি জুড়ায় তোমার বুক’ এবং ‘এমন মারামারী করলি আমারে’ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন সামিয়া চৌধুরী। ‘আমি তরে কিলা কান বুঝাই’ ও ‘তোমারও আইবো রে সময়’ গান দুটি গেয়েছেন মরিয়ম ইসলাম। এসব গানের কথা ও সুরও সাহাবুর শাহর।
সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নিজের কণ্ঠে নতুন গান ‘আকাশ ছোঁয়ার মতো স্বপ্ন তোমার’। গানটি নিয়েও আশাবাদী তিনি।
শৈশবে মায়ের উৎসাহ থেকে শুরু হওয়া গান লেখার অভ্যাস আজ তাঁকে পরিচিত করে তুলছে নতুন শ্রোতাদের কাছে। প্রবাসের কর্মব্যস্ততা, জীবনের নানা প্রতিকূলতা ও ব্যক্তিগত শোকের মধ্যেও গানের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন সাহাবুর শাহ। তাঁর স্বপ্ন, নিজের লেখা ও সুরের গান আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলা গানের ভুবনে নিজের একটি অবস্থান তৈরি করা।
সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে সাহাবুর শাহর এই সংগীতযাত্রা প্রমাণ করে, স্বপ্নের প্রতি ভালোবাসা থাকলে জীবনের ব্যস্ততার মাঝেও নিজের সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.