
মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে পড়ে আতঙ্কে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। পরবর্তীতে নবজাতকটির মৃত্যু হয়। শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত তিনটার দিকে উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারটি চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা ও অনলাইন পোর্টাল ‘চুয়াডাঙ্গা পোস্ট’-এর উপদেষ্টা সম্পাদক আবদুল্লাহ আল নোমানের।
আবদুল্লাহ আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের তিন সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সে যশোর যাওয়ার পথে সিংদহ গ্রামে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয় ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল। তারা জিম্মি করে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় চরম আতঙ্কে তার স্ত্রী অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন এবং নবজাতকটি মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে একটি ট্রাক ও অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে এবং অ্যাম্বুলেন্সে থাকা প্রসূতির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল।
ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবজাতকের মৃত্যুর খবরটিও তিনি শুনেছেন। জড়িতদের ধরতে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে এবং ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.