
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে অবস্থান করছিলেন তাঁর বাবা-মা। তবে এলাকাবাসীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তাঁরা।
রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করেন এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁদের উদ্দেশ্য ছিল পুরো বাড়িতে অগ্নিসংযোগ করা।
তিনি আরও জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
ঘটনার পর দেওয়া পোস্টে সাদিক কায়েম বলেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তাঁদের দমিয়ে রাখা যাবে না। পেট্রোলবোমা ও অগ্নিসন্ত্রাসের মতো কর্মকাণ্ড তাঁদের লড়াইকে আরও দৃঢ় করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না। এ ধরনের চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।
এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য, মামলা বা আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.