প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১২:১৩ এ.এম
ডেঙ্গু প্রতিরোধে জুড়ীতে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতার আহ্বান প্রশাসনের

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নাইট চৌমুহনী এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার নাইট চৌমুহনী এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। একই সঙ্গে বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার এবং যত্রতত্র ময়লা না ফেলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক একলাছুর রহমান ময়না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লিয়াকত আলী, ইউপি সদস্য আবুল কাশেম, সংরক্ষিত মহিলা সদস্য রুসনা বেগম, বাসনা আক্তার ও শিউলি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাজারের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ। তাই নিজ নিজ বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.