
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের সিট ও জানালার কাচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ জন সদস্য উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেন।
আগুনে ক্ষতিগ্রস্ত বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩। বাসটি স্কয়ার ফ্যাশন কারখানার পাশে মহাসড়কের ধারে পার্কিং করা ছিল। ঘটনার সময় বাসটির ভেতরে রাব্বি হাসান নামে এক কর্মী ঘুমিয়ে ছিলেন।
তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে বাসটি সেখানে রেখে ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে কাচ ভাঙার শব্দে ঘুম ভেঙে গেলে বাসের পেছনের অংশে আগুন দেখতে পান। দ্রুত বাস থেকে নেমে সামনে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন।
বাসটির মালিক মো. শফিকুল ইসলাম জানান, ১৮ লাখ টাকা দিয়ে বাসটি কেনার পর আরও ৩ লাখ টাকা খরচ করেছেন। পুরো টাকাই এনজিও থেকে ঋণ নেওয়া। বাসটি ছিল তাঁর পরিবারের একমাত্র আয়ের অবলম্বন। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, আগুনে বাসের ভেতরের সিট ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.