প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৭:০৬ পি.এম
কঠিন চীবরদান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা নিয়ে স্থানীয়দের পাশে লক্ষীছড়ি জোন

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি: ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র কঠিন চীবরদান অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার লেলাং বড় পাড়া বন বিহারে আয়োজিত কঠিন চীবরদান অনুষ্ঠান পরিদর্শন করেন লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এদিকে, স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী, জার্সি ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। উপহারসামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
লক্ষীছড়ি জোনের এ উদ্যোগ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিবাচক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.