প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৭:০৯ পি.এম
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় নৌকা ও ইঞ্জিন জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সীমান্তবর্তী ৩৫ বিজিবির অভিযানে ইঞ্জিনসহ একটি ভারতীয় নৌকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে জামালপুর বিজিবি।
রোববার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে রৌমারী উপজেলার কর্তালমারী নামক স্থানে নদী থেকে এসব মালামাল জব্দ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমন মনোভাব সামনে রেখে বিজিবির পক্ষ থেকে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাহেবের আলগা বিওপির টহলদল অভিযান চালায়।
অভিযানকালে সীমান্ত পিলার ১০৫০/এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার কর্তালমারী এলাকায় নদী থেকে একটি আসামিবিহীন ভারতীয় নৌকা, একটি নৌকার ইঞ্জিন, দুটি ব্যাটারি এবং ইনভার্টারসহ একটি ইলেকট্রিক শাটার জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ভারতীয় নৌকা ও ইঞ্জিনসহ অন্যান্য মালামাল রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, "বিজিবি ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন।"
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.