
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামে বন বিভাগের আওতাধীন ‘পরিবেশ ও সুফল বাগান রক্ষণাবেক্ষণ সমিতি’র বাগান থেকে প্রায় ৪০০ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানটির উপকারভোগীরা। সরকারি বনায়ন ও পরিবেশ সংরক্ষণের এমন উদ্যোগে এ ধরনের নাশকতায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে সমিতির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার বিষয়টি দেখতে পান। এ ঘটনায় সমিতির সভাপতি মো. আব্দুল কাদির বাদী হয়ে অজ্ঞাতনামা ১৬-১৭ জনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের বন বিভাগের অধীন পরিবেশ ও সুফল বাগান রক্ষণাবেক্ষণ সমিতির তত্ত্বাবধানে পেলাইদ গ্রামের ২৫ জন উপকারভোগী দীর্ঘদিন ধরে এই বাগানটি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে আসছেন। বাগানটিতে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ গাছ রোপণ করা হয়েছে। স্থানীয় উপকারভোগীদের শ্রম ও সহযোগিতায় গড়ে ওঠা এই বাগানটি এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সমিতির সদস্যরা বাগানের পরিচর্যা শেষে নিজ নিজ বাড়িতে যান।
পরদিন রোববার সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বাগানের প্রায় ৪০০ ছোট-বড় গাছ কেটে ফেলা হয়েছে। দুর্বৃত্তরা শুধু গাছ কাটার পাশপাশি প্রায় ১০টি বড় গজারি ও গর্জন গাছ কেটে চুরি করে নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় উপকারভোগীদের ধারণা, শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোরের মধ্যে যেকোনো সময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে এই অপকর্ম চালায়। পরে বিষয়টি বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করে সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে থানায় আইনি পদক্ষেপ নেওয়া হয়।
এ বিষয়ে গোসিংগা বিট কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন বিভাগ নিয়মিত তদারকি ও বনায়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বাগানের গাছ কাটার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।
স্থানীয় সচেতন মহল ও উপকারভোগীরা জানান, দীর্ঘদিনের শ্রম ও পরিচর্যার মাধ্যমে গড়ে ওঠা এই বাগান ধ্বংস করা শুধু আর্থিক ক্ষতি নয়, বরং পরিবেশের ওপর বড় ধরনের আঘাত। তাঁরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাগানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.