
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় এক বসতবাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত ভোররাতে লস্করাপাড়া গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে ঢোকেন নাজমুল হক। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক জ্যোতিচন্দ্র রায় তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে বোদা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সদস্য হিসেবে জড়িত থাকার অভিযোগে ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.