প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৯:৪৬ পি.এম
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা, ২৫ টনের চালানসহ ট্রাক জব্দ

আব্দুল মান্নান :শার্শা (যশোর) সংবাদদাতা :
যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ২৫ টন পণ্য এন্ট্রি ও শুল্কায়ন ছাড়াই পাচারের চেষ্টার অভিযোগে একটি ট্রাকসহ চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক পণ্য চালানটির আনুমানিক মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা। প্রাথমিক পরীক্ষায় চালানটির কিছু প্যাকেটে গ্যাস্ট্রিকের ওষুধ ওমিপ্রাজলের উপাদান পাওয়ার তথ্য মিলেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর শেড থেকে বাংলাদেশি ট্রাকে তুলে পণ্য চালানটি বের করে নেওয়ার প্রস্তুতিকালে জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
আটক ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। চালানটিতে ২৫ হাজার কেজি বা ২৫ টন পণ্য রয়েছে, যা এক হাজার বস্তায় প্যাকেটজাত। চালানটির আমদানিকারক ঢাকার অনিন্দিতা ইন্টারন্যাশনাল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের ব্রাইট ইন্টারন্যাশনাল। সংশ্লিষ্ট আমদানি বিল অব এন্ট্রি নম্বর সি-৭৭১৫৪। ম্যানিফেস্ট নম্বর ৬০১/২০২৬/০০১/০০৬৯৮৮৬/১১।
বেনাপোল কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, মিথ্যা ঘোষণা, এন্ট্রিবিহীন পণ্য খালাস এবং শুল্ক ফাঁকির অভিনব কৌশলে চালানটি বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। একই আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের আগের একটি শুল্কায়ন সম্পন্ন চালানের সঙ্গে মিল দেখিয়ে নতুন আমদানি করা পণ্য চালানটি কৌশলে বন্দর থেকে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের নজরে আসে। পরে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, একই আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের একটি পণ্য চালান গত ৮ নভেম্বর বেনাপোল বন্দরে প্রবেশ করে। ওই চালানের কাগজপত্র যাচাই-বাছাই, পণ্যের অ্যাসেসমেন্ট ও শুল্কায়নসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর খালাসের অনুমতি দেওয়া হয়। কাগজপত্রে পণ্যটির নাম ছিল ট্যালক পাউডার। এরই ধারাবাহিকতায় একই ঘোষণা দিয়ে আমদানি করা নতুন আরেকটি চালান বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বন্দরের ৯ নম্বর শেডে ভারতীয় ট্রাক থেকে নামানো হয়।
অভিযোগ রয়েছে, আগের চালানের কাগজপত্র ও শুল্কায়ন সম্পন্ন হওয়ার বিষয়টিকে কাজে লাগিয়ে নতুন চালানটিও একই পণ্য হিসেবে দেখিয়ে কৌশলে বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। অথচ নতুন চালানটির প্রয়োজনীয় অ্যাসেসমেন্ট, শুল্কায়ন ও খালাসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা কাগজপত্র যাচাই করেন। এতে আগের চালানের সঙ্গে নতুন চালানের অসংগতি এবং শুল্কায়ন ছাড়াই পণ্য বের করে নেওয়ার প্রস্তুতির বিষয়টি ধরা পড়ে।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালক পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল বা ভিন্ন পণ্য আমদানির মাধ্যমে শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। প্রাথমিক পরীক্ষায় কিছু প্যাকেটে গ্যাস্ট্রিকের ওষুধ ওমিপ্রাজলের উপাদান পাওয়া গেছে। তবে পরীক্ষাগারে নমুনা পরীক্ষা না করা পর্যন্ত পণ্য চালানটির প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ জন্য নমুনা পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পণ্যের প্রকৃত পরিচয়, শুল্কযোগ্য মূল্য এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোঃ বায়জিদ হোসেন জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দরের ৯ নম্বর শেডে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, আগের একটি চালানের শুল্কায়ন ও খালাসের উপযোগী হওয়ার বিষয়টি কাজে লাগিয়ে একই আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের নতুন চালানটি প্রয়োজনীয় অ্যাসেসমেন্ট ও শুল্কায়ন ছাড়াই কৌশলে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। ঘোষিত পণ্যের সঙ্গে প্রকৃত পণ্যের পরিচয় নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় চালানটি জব্দ করা হয়েছে। এভাবে পণ্য বের করে নেওয়া সম্ভব হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হতো। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (উপপরিচালক ট্রাফিক) রুহুল আমিন জানান, আটক পণ্য চালানটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্দরের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি, এন্ট্রিবিহীন চালান সরানো এবং শুল্কায়ন প্রক্রিয়া এড়িয়ে পণ্য খালাসের এমন চেষ্টা শুধু সরকারের রাজস্ব ক্ষতিই করছে না, বৈধ আমদানিকারকদের জন্যও অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে। তাঁদের মতে, বন্দর ও কাস্টমসের নজরদারি আরও জোরদার করার পাশাপাশি এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত আমদানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরী হয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.