
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ‘সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ’—এই স্লোগান সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। এসএসসি-৯৯ ব্যাচের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে‘মেধাবৃত্তি-সম্মাননা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আড়ানী পৌরসভার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৭ জন শ্রেণিমেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ ছাড়া এসএসসি-২০২৭ পরীক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী তিন শিক্ষার্থীকে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও বই প্রদান করা হয়।
এর আগে সকাল ৯টা থেকে এক ঘণ্টাব্যাপী ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিরাজুম মনিরা প্রথম, আড়ানী ফুলমণনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সোয়েবা রহমান সোয়ার্দ দ্বিতীয় এবং আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাইমুনা হাসান বর্ষা তৃতীয় স্থান অর্জন করে। পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারীকে পাঁচ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে তিন হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে দুই হাজার টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শারীরিক প্রতিবন্ধকতা জয় করে সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত আর্টিস এসএসসি-৯৯ ব্যাচের সদস্য সুকেশ কুমার এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রশিক্ষণপ্রাপ্ত (বিএসএড) শিক্ষক মনিরুজ্জামান বিলাস।
বক্তারা বলেন, ফুল যেখানেই ফুটুক, তার সৌরভ ছড়িয়ে পড়বেই। পদ্ম যেমন পানিতে ফুটে নিজের সৌন্দর্য ছড়ায়, তেমনি মেধাবী শিক্ষার্থীরাও জীবনের যেখানেই যাক, নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে। এক ফোঁটা পানি গঙ্গায় পড়লে গঙ্গাজল, কাদায় পড়লে কাদাজল আর মুক্তোর ওপর পড়লে মুক্তজল হয়। অর্থাৎ পরিবেশ ও অবস্থানভেদে একই জিনিসের মূল্যায়ন বদলে যায়। তেমনি উপযুক্ত পরিবেশ ও সঠিক দিকনির্দেশনা পেলে একজন শিক্ষার্থীও দেশের সম্পদে পরিণত হতে পারে।
বক্তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় এসএসসি-৯৯ ব্যাচকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এসএসসি-৯৯ ব্যাচের আহ্বায়ক মইদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহার উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, মকবুল হোসেন, মোশাররফ হোসেন, রাম গোপাল সাহা, একরামুল হক সনত, রাবিউল ইসলাম মানিক, আবু সাঈদ তোতা ও মনিরুল আজম জিঞ্জুসহ এসএসসি-৯৯ ব্যাচের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোয়ার হোসেন রনি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.