
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরে টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ওই ছাত্রীর বাসার সামনে এই চাঞ্চল্যকর ও ন্যক্কারজনক ঘটনা ঘটে।
আহত স্কুলছাত্রীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দুপুরে টেস্ট পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিলেন জাকিয়া। দুপুর ১টার দিকে থানাপাড়া ২ নম্বর ওয়ার্ডের ক্রিসেন্ট ক্লাবের গলির ভেতরে তার বাসার সামনে আগে থেকেই ওত পেতে ছিল এক বখাটে। জাকিয়া পৌঁছানোর পর কোনো কিছু বুঝে ওঠার আগেই কিশোর বখাটেটি তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আহত জাকিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত জাকিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারী বখাটে যুবককে গ্রেফতারে ইতিমধ্যে পুলিশ জোরালোভাবে কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.