
এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি আবাসিক বাড়ির তিনটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আজ সোমবার (৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ভাদুরিয়া বাজারের পূর্ব পাশে অবস্থিত মোকছেদ চেয়ারম্যানের মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে তা পাশের দোকান ও মার্কেটের মালিকের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই একটি ইলেকট্রিক ও অটো সার্ভিসের দোকানসহ পাশের আরেকটি দোকান এবং বাসার তিনটি কক্ষের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক ও অটো সার্ভিস ব্যবসায়ী এরশাদুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার দোকানে প্রায় ৮০-৮৫ লাখ টাকার মালামাল ছিল। মুহূর্তের মধ্যে আগুনে আমার ব্যবসাপ্রতিষ্ঠানের সব সম্বল শেষ হয়ে গেল। এত বড় ক্ষতি কীভাবে কাটিয়ে উঠব, তা বুঝতে পারছি না।" অপর ক্ষতিগ্রস্ত দোকানি রেজাউল ইসলাম জানান, তার দোকানে থাকা প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে তিনি এখন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
মার্কেট ও বাসার মালিক সোহাগ মন্ডল বলেন, "আগুনে আমাদের বাসার তিনটি কক্ষ পুড়ে গেছে। ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র আগুনে নষ্ট হয়ে গেছে, যেগুলো আর ব্যবহারের উপযোগী নেই। এতে আমাদের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।"
নবাবগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এই আকস্মিক অগ্নিকাণ্ডে মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছেন দুই ব্যবসায়ী ও বাড়ির মালিক। দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘরের আসবাবপত্র হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম দুশ্চিন্তা ও সহায়তাহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.