
এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন শাখার দুই ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দিয়েছে উপজেলা ছাত্রদল। গতকাল শনিবার (৭ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল ও সদস্য সচিব মুক্তি মাহফুজ স্বাক্ষরিত এক পত্রে এই নোটিশ জারি করা হয়।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন— উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সামিউল ইসলাম এবং সহ-সভাপতি আহসান হাবিব।
উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া ওই চিঠিতে বলা হয়, অভিযুক্ত নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা, অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। তাদের এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলীয় ঐক্য বিনষ্টের আশঙ্কা সৃষ্টি করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্বশীল পদধারী নেতা হয়েও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, নোটিশ প্রাপ্তির পরবর্তী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের কোনো বক্তব্য নেই মর্মে বিবেচনা করে সংগঠনের প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুক্তি মাহফুজ বলেন, "গতকাল সাংগঠনিকভাবে তাদের দুজনকে নোটিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো লিখিত জবাব পাওয়া যায়নি। আমরা সময়ের মধ্যে তাদের উত্তরের অপেক্ষায় আছি। এরপর নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.