
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জাহানারা লতিফ মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কলেজের হলরুমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন ছাত্রীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীনবরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফ হোসেন স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিন ও এম. রফিকুল ইসলাম রহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ আকন্দ এবং বিশিষ্ট সমাজসেবক শেখ জালাল উদ্দিন।
এ ছাড়া কলেজের শিক্ষক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে শিক্ষা নিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। এ জন্য পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষকদেরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.