প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৭:৪১ পি.এম
বড়লেখার অটোরিকশা কুলাউড়ায় চুরি, উদ্ধারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে মানববন্ধন

জুড়ী(মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক অটোরিকশা মালিকের সিএনজিচালিত অটোরিকশা কুলাউড়া রেলস্টেশন এলাকা থেকে চুরির ১৮ দিন পার হলেও উদ্ধার হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বড়লেখা ও জুড়ী উপজেলার অটোরিকশা শ্রমিকরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণবাজারে মৌলভীবাজার জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (২৩৫৯)-এর আওতাধীন বড়লেখা ও জুড়ী উপজেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, গত ১৮ অক্টোবর রাতে দক্ষিণভাগ দক্ষিণবাজার সিএনজি স্ট্যান্ডের নিয়মিত চালক ও মালিক কামরুল ইসলামের অটোরিকশাটি কুলাউড়া রেলস্টেশন এলাকা থেকে চুরি হয়। ঘটনার পরপরই কুলাউড়া থানা পুলিশকে অবহিত করার পাশাপাশি চোরের বিষয়ে তথ্য ও সিসিটিভি ফুটেজ সরবরাহ করা হয়। তবে ১৮ দিনেও গাড়িটি উদ্ধার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শ্রমিক নেতারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বড়লেখা ও জুড়ী থেকে অতীতেও একাধিক অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন শ্রমিক নেতারা।
দক্ষিণভাগ দক্ষিণবাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি মো. শাহজাহান ইঞ্জিনিয়ারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল হক, বড়লেখা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইসলাম উদ্দিন, জুড়ী উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুক আহমদ, বড়লেখা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, শ্রমিক নেতা সবুজ আহমদ, ভুক্তভোগী কামরুল ইসলাম, ফয়সল আহমদ, নজির আহমদ ও সোহেল আহমদ বটলসহ অন্যরা।
এ বিষয়ে বক্তব্য জানতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.