প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ৭:২৬ পি.এম
জেলা বিএনপিতে ক্ষোভ শাকিল হত্যা ও এমপি আজিজের অশ্লীল ভিডিও ভাইরাল নিয়ে সংবাদ সম্মেলন

ইসাহাক আলী, নাটোর থেকে : নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা এবং গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাটোর জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় এমপি আবদুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশসংবলিত জেলা বিএনপির সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটিতে না পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন নেতারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নাটোরের হরিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এতে দলের কয়েকজন জ্যেষ্ঠ আহ্বায়ক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান আসাদ বলেন, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরবর্তীতে এ ঘটনায় আরও দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে সংসদ সদস্য আবদুল আজিজের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর জেলা বিএনপি জরুরি সভা আহ্বান করে। ওই সভায় জেলা বিএনপির ৩৬ সদস্যের মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন। সভায় এমপি আবদুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে সিদ্ধান্ত পাঠানোর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
কিন্তু জেলা বিএনপির আহ্বায়ক ওই সভার রেজুলেশন এখন পর্যন্ত কেন্দ্রে পাঠাননি বলে অভিযোগ করেন আসাদুজ্জামান আসাদ। কেন রেজুলেশনটি কেন্দ্রে পাঠানো হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেলা বিএনপির আহ্বায়ক কোনো উত্তর দিতে রাজি হননি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতারা শাকিল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে এমপি আবদুল আজিজের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি দ্রুত কেন্দ্রীয় বিএনপির কাছে উপস্থাপনের দাবি জানান তাঁরা।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল, চৌধুরী মিজানুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.