
এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ভাতার ‘সুবর্ণ কার্ড’ করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এবং ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। মামলায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নবাবগঞ্জ থানায় মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মাদারপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী লুৎফর রহমানের প্রতিবন্ধী শনাক্তকরণ, চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র তৈরি এবং প্রতিবন্ধী ভাতার সুবর্ণ কার্ড করে দেওয়ার আশ্বাস দেয় একটি প্রতারক চক্র। এই কাজের সহযোগিতার কথা বলে শওকত আলী ও ভুক্তভোগী লুৎফর রহমানের কাছ থেকে দুই দফায় মোট ৫ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। পরবর্তীতে প্রতিবন্ধী শনাক্তকরণ সনদ, চিকিৎসা প্রতিবেদন ও প্রয়োজনীয় প্রত্যয়নপত্র সংগ্রহের কথা বলে এলাকার আরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।
এজাহারে সৈয়দা তামিমা খাতুনসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার সুবর্ণ কার্ড করে দেওয়ার মিথ্যা আশ্বাস, ভুয়া কাগজপত্র তৈরি ও সরবরাহের মাধ্যমে প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে এই চক্রের সাথে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.