
মাদারীপুর প্রতিনিধি: ‘মাদকাসক্তি রুখবো, সমৃদ্ধ বাংলাদেশ গড়বো’—এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, মস্তফাপুর জোনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) মো: রুহুল আমীন বলেন, “মাদক আমাদের শরীর ও মন উভয়কেই ধ্বংস করে দেয়। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন।”
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: মিল্লাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “মোবাইল ফোনের অপব্যবহার এবং অবৈধ পথে লিবিয়া হয়ে বিদেশ যাত্রা—এসব ক্ষতিকর পথকে ‘না’ বলতে হবে।” পরে তিনি উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “ইভটিজিং কেউ করব না এবং কাউকে করতে দেব না। কোথাও মাদক সেবনের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিতে হবে এবং একে ‘না’ বলতে হবে।”
প্রশিকা কেন্দ্রীয় ব্যবস্থাপক অ্যাডভোকেট শারমিন জাহানের সভাপতিত্বে এবং প্রশিকা মস্তফাপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক লক্ষ্মণ চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বোরহান খান ও সহকারী প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান খান।
সভায় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ, প্রশিকা ঢাকার মাদকাসক্তি কর্মসূচি প্রধান প্রদীপ কুমার বিশ্বাস ও মো: আব্দুর রহিম মোল্লা, প্রশিকা মাদারীপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক সায়মা আঞ্জুমান মুন্নি এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং ও অবৈধ অভিবাসনবিরোধী সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.