প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৩:৩৬ পি.এম
সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে পোরশা ও মান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা (মাদ্রাসাপাড়া) এলাকার দিলবর হোসেনের ছেলে মাসুদ রানা (৩২) এবং নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অরূপ রতন সরকার এবং সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোরশা উপজেলার নিতপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে সহিদুল ইসলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় সহিদুল ইসলামকেও গ্রেপ্তার করে পুলিশ।
সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে সাপাহার লাবনী সুপার মার্কেটের শরিফুল গিফট কর্নারের মালিক শাহিন আলমের ১১০ সিসির কালো রঙের হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ওই দিন রাতেই শাহিন আলম বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.