
ইয়ানূর রহমান : যশোরের কেশবপুরে একটি মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ পুলিশ উদ্ধার করেছে থানা । নিহতরা হলেন উপজেলার মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তার স্ত্রী মাজেদা বেগম (৩৮)।
শনিবার (৩১ অক্টোবর) রাতে কমলাপুর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আফসার আলী গাজী সন্ধ্যার দিকে কপির চারা রোপণের উদ্দেশ্যে মাঠে যান। এ সময় কুদ্দুসের সেচ বোরিং ও ধান ক্ষেতের পাশে এক নারী ও এক পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে তিনি তার ভাতিজা শহীদকে বিষয়টি জানান।
পরবর্তীতে কেশবপুর থানা পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌছে মরদেহ দুটি উদ্ধার করে এবং তাদের পরিচয় শনাক্ত করে।
প্রাথমিক তথ্যে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের পাশাপাশি যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিভিন্ন আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান, পিবিআই কর্মকর্তা দেবব্রত হরিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে তদন্ত কার্যক্রমে অংশ নেন।
পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.