প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:৩৩ পি.এম
রংপুরে তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: রংপুরে তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন, বাংলাদেশের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটসংলগ্ন তারবিয়াতুল উম্মাহ হিফজ ও কওমি মাদ্রাসায় এ অডিশন অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআনুল কারিমের হিফজ, এশুদ্ধ তিলাওয়াত ও সুন্দর কণ্ঠে কোরআন পাঠে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রতিযোগীদের বাছাই করে সনদপত্র প্রদান করা হয়।
প্রতিযোগিতায় ধারাবাহিক যেকোনো পারা, ৫ পারা, ১০ পারা ও হুসনে সাওত—এই চারটি বিভাগ রাখা হয়েছে। ৫ পারা ও হুসনে সাওত বিভাগে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এসব বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারীদের আকর্ষণীয় ক্রেস্ট ও সম্মাননা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া ১০ পারা বিভাগের জেলা পর্যায়ের অডিশনে নির্বাচিত কমপক্ষে ১৫ জন প্রতিযোগীকে ‘ইয়েস কার্ড’ (YES Card) ও সনদপত্র দেওয়া হবে। এ বিভাগে প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণপদক, দ্বিতীয় পুরস্কার রৌপ্যপদক এবং তৃতীয় পুরস্কার হিসেবে সাইকেল দেওয়ার ঘোষণা রয়েছে। চতুর্থ থেকে ২০তম স্থান অর্জনকারীদেরও আকর্ষণীয় ক্রেস্ট দেওয়া হবে।
আয়োজকরা জানান, জেলা পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীদের নিয়ে পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদেরও সনদপত্র ও পুরস্কার দেওয়া হবে।
এর আগে পঞ্চগড়, লালমনিরহাট ও দিনাজপুরসহ বিভিন্ন জেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে ফাউন্ডেশনটি। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে।
তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম হাসিবুল ইসলাম বিপ্লবী প্রতিযোগিতার আয়োজন ও কার্যক্রম পরিচালনা করছেন। সার্বিক পরিচালনায় রয়েছেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হান্নান।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.