
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকায় প্রেমিক ফেরদৌস হাসান হৃদয়ের (২১) বাড়িতে অবস্থান করছে ওই কিশোরী। এ ঘটনায় কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কিশোরীর দাবি, হৃদয়ের সঙ্গে তাঁর প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক। সম্প্রতি হৃদয়ের পরিবার তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে এমন খবর জানতে পাওয়ার পরই বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে গিয়ে অবস্থান নেন ঐ কিশোরী।
কিশোরীর ভাষ্য, হৃদয়কে বিয়ে করতে না পারলে বিষপানে আত্মহত্যা করবেন। এ জন্য বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে হাজির হন তিনি। তবে হৃদয়ের সৎমা বিষের বোতলটি কেড়ে নেন বলে জানান কিশোরী।
জানা গেছে, স্থানীয় একটি গার্লস হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী। তিনি ২০২৭ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরিক্ষায় অংশ নিবেন এবার। অন্যদিকে হৃদয় পড়াশোনার পাশাপাশি কাঁচামালের ব্যবসা করেন। তিনি একই এলাকার মো. সোহেলের ছেলে।
কিশোরী বলেন, ‘আমাদের সম্পর্কের কথা হৃদয়ের পরিবারের সবাই জানেন। এলাকার লোকজনও বিষয়টি জানেন। এখন বিয়ে না হলে কাউকে মুখ দেখাতে পারব না। হৃদয় আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই বিষ খেয়ে মারা যাব।’
ওই কিশোরী আরো বলেন, দুই পরিবারের সদস্যসহ এলাকার অনেকেই তাঁদের সম্পর্কের কথা জানেন। তবে সম্প্রতি হৃদয়ের পরিবার তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ কারণে তিনি বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন।
এদিকে হৃদয়ের বাড়িতে অবস্থান নেওয়ার পর হৃদয় ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে হৃদয়ের পরিবারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে বাড়িটির আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে।
স্থানীয় বাসিন্দা মিশু ও মমিন জানান, ওই কিশোরী ও হৃদয়ের বাড়ি পাশাপাশি। তাঁরা একই বংশেরও। বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.