
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে আব্দুস সামাদ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আনোয়ার হোসেনের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।
আজ সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন। এ সময় তাঁর বাবা আব্দুস সামাদ তাঁকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তাঁর বাবার মাথা ও বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়। পরে ঘটনার পরপরই অভিযুক্ত আনোয়ার বাড়ি ছেড়ে পালিয়ে যান।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.