প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ৭:০৪ পি.এম
ডাকাতিয়া নদীতে সেতু নেই, দুর্ভোগে দুই উপজেলার মানুষ বাঁশের তৈরি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফুলের নাওড়ী ও নাঙ্গলকোট উপজেলার হুগলি এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীতে সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের বাসিন্দারা। প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় এমনকি নৌকা না থাকলে সাঁতরিয়ে নদী পার হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করছে শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ কমাতে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ শুরু করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। দীর্ঘদিন ধরে এখানে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান তাঁরা।
স্থানীয় উদ্যোগে সাঁকো নির্মাণে নেতৃত্ব দিচ্ছেন চৌদ্দগ্রামের ফুলের নাওড়ী গ্রামের এয়াকুব মজুমদার ও নাজমুল হোসেন এবং নাঙ্গলকোটের হুগলি এলাকার আবদুল মান্নান ও অলি আহমেদসহ কয়েকজন। সাঁকোটি নির্মিত হলে দুই পাড়ের মানুষের চলাচল সহজ হবে বলে আশা করছেন তাঁরা।
স্থানীয় অভিভাবক আবুল কাশেম ও বেলাল হোসেন বলেন, এখানে স্থায়ী সেতু নির্মাণ করা হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমার পাশাপাশি যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। তাঁরা দ্রুত সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সাঁকো নির্মাণের উদ্যোক্তা এয়াকুব মজুমদার বলেন, ‘সবার ছোট ছোট সহযোগিতায় সাঁকোটি নির্মাণ করছি, যেন মানুষের চলাচল সহজ হয়।’
ফুলের নাওড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘হুগলি পাড় থেকে অনেক শিক্ষার্থী কষ্ট করে আমাদের বিদ্যালয়ে আসে। এলাকাবাসীর উদ্যোগে সাঁকো নির্মাণ শুরু হওয়ায় ভালো লাগছে। তবে স্থায়ী ভাবে সরকারি উদ্যোগে এখানে একটি সেতু নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের ভোগান্তি অনেকটা কমবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.