প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ২:০৬ এ.এম
চিকিৎসা নিতে ভারত যাওয়ার পথে তামাবিল ইমিগ্রেশনে আটক জৈন্তাপুর আওয়ামী লীগ সভাপতি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: ভারতে চিকিৎসা নিতে যাওয়ার পথে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আটক হয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পাসপোর্ট যাচাইয়ের সময় ব্লক থাকার বিষয়টি ধরা পড়লে তাঁকে ভারতে যেতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাঁকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন কামাল আহমদ। এ সময় তাঁর পাসপোর্ট যাচাই করতে গিয়ে ব্লক থাকার বিষয়টি শনাক্ত করেন দায়িত্বরত কর্মকর্তারা। পরে তাঁকে আটকে রেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার আওতাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা আমাদের সময়কে জানান, কামাল আহমদ বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে উল্লেখ করে ওসি বলেন, সবকিছু পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কামাল আহমদ এর আগেও অবৈধভাবে ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে আটক করে।
দুই বছর পর এবার ভারতে যাওয়ার পথে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টে ব্লক থাকার বিষয়টি সামনে এলো। তবে পাসপোর্ট ব্লক করার কারণ, এ-সংক্রান্ত নির্দেশদাতা কর্তৃপক্ষ এবং তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.