
সাধারণত যেকোনো খেলাধুলা কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কিংবা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের। কিন্তু রংপুরে দেখা গেল এর এক ব্যতিক্রমী চিত্র। যেখানে মাদক ও বাল্যবিবাহ বিরোধী এক কাবাডি টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন একজন ভ্যানচালক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একজন জুতা সেলাইয়ের কারিগর (মুচি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বদরগন্জ উপজেলার মানসিংহাপুর অফিসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 'ডে-নাইট' কাবাডি খেলার আয়োজনে এই প্রশংসনীয় উদ্যোগ দেখা যায়। এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মাঠ জুড়ে শোভা পাচ্ছিল মাদক ও বাল্যবিবাহ বিরোধী নানা ব্যানার-ফেস্টুন।
ঝালমুড়ি বিক্রেতা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যানচালক মো. সিদ্দিক আলী এবং বিশেষ অতিথি ছিলেন জুতা সেলাইয়ের কারিগর (মুচি) বুদারু রায়। এছাড়া অনুষ্ঠানে অন্য সকল বিশেষ অতিথিরাও ছিলেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিপাড়া মসজিদের স্বেচ্ছাসেবী খাদেম এজাবুল মুন্সী, পরিচ্ছন্নতাকর্মী শংকর রায়, হাট পাহারাদার মোকাদ্দেস আলী এবং দিনমজুর কাশেম আলী।
এমন ব্যতিক্রমী আয়োজনের মূল কারণ ব্যাখ্যা করে উদ্যোক্তাদের একজন মোরশেদুল ইসলাম বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য মাদক ও বাল্যবিবাহ রোধ করা। মানুষের আসল পরিচয় তার পেশায় নয়, মানুষ হিসেবেই তার মর্যাদা পাওয়া উচিত। তাই হাজারো মানুষের এই সমাগমে সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষদের সম্মানিত করা হয়েছে। আমরা এই বার্তাটিই সবার কাছে পৌঁছে দিতে চাই—মানুষের আসল পরিচয় মানুষই।”
অনুষ্ঠানের অন্যতম আয়োজক সিরাজ মন্ডল জানান, মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে রক্ষায় তাদের এই দীর্ঘদিনের প্রচেষ্টা। খেলাধুলার মধ্য দিয়ে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রেখে পুরো সমাজকে মাদকমুক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.