
দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুর বিমানবন্দরে নেমেই লাল-সবুজ রঙের বাসে রংপুরের পূজামন্ডপ পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে স্বাগত জানিয়েছেন সৈয়দপুর, নীলফামারী ও দিনাজপুর জেলা বিএনপিসহ অঙ্গদলের নেতাকর্মী। এ সময় তাঁকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সৈয়দপুর থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী ব্রীজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে সড়কের দুই পাশে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এ সময় তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন। গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এরপর লাল সবুজ রঙের বিশেষ বাসে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। তাঁর আগমন উপলক্ষে সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের সিএসডি মোড় থেকে শুরু করে, উপজেলা সড়ক,সৈয়দপুর - পার্বতীপুর সড়ক, পানি উন্নয়ন বোর্ড মোড়, বাস টার্মিনাল, আদানি মোড়, কামারপুকুর, কলাবাগান, নিজবাড়ী হয়ে চিকলী ব্রীজ পর্যন্ত সড়কের উভয় পাশে নানা ধরণের ব্যানার, প্লাকার্ড,ফেস্টুন ও ছবি নিয়ে অবস্থান নেন সৈয়দপুর, নীলফামারী, দিনাজপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় বিভিন্ন সংগঠনসহ হাজার হাজার সাধারণ জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে দাড়িয়ে থাকেন। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা, পৌর বিএনপি, নীলফামারী জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, দিনাজপুর জেলা বিএনপি, ছাত্রদলসহ সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল, তাঁতীদল, মহিলা দল,জিয়া মঞ্চ, জাসাস, শ্রমিক দল, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন। একইভাবে রংপুর থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসার পথে মানুষজন তাঁকে বিদায় জানাতে সেখানেই অবস্থান অব্যাহত রাখেন। বেলা দুই টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে যাওয়ার সময় সড়কের উভয় পাশে দাড়িয়ে থাকা বিএনপি নেতাকর্মীসহ সাধারণ জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.